কুড়িগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার, ৫০ জন আলেম এবং বেশ কয়েকটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাদিয়া প্রদান করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
রোববার (২৬ জুলাই) বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সরেজমিনে উপস্থিত হয়ে এ ত্রাণ ও সহায়তা সামগ্রী বিতরণ করে। সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং যুগ্ম মহাসচিব মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর যৌথ নেতৃত্বে পুরো সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয়।
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদরাসা এবং বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদরাসায় আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের হাতে জনপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এর পাশাপাশি বানের পানিতে চরম দুর্ভোগে পড়া এলাকার ৫০ জন স্থানীয় আলেমের মাঝে বিশেষ আর্থিক হাদিয়া প্রদান করা হয়। একই সাথে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি মাদরাসার কর্তৃপক্ষের হাতেও অনুদানের অর্থ তুলে দেন দায়িত্বশীলরা।
ত্রাণ বিতরণকালে খতমে নবুওয়ত নেতৃবৃন্দ বলেন, ‘বানভাসি বিপন্ন মানুষের এই চরম দুর্যোগময় মুহূর্তে তাঁদের পাশে এসে দাঁড়ানো আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। সাধ্যানুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের পুনর্বাসনে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক সহযোগিতা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।’
সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিন কাসেমী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ঢাকা মহানগরীর দায়িত্বশীল মাওলানা নাহিয়ান, কুড়িগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টিএইচএ/
