কুয়েতে ঘন ঘন বাজছে সাইরেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

by Fatih Work

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কুয়েতের আকাশে দফায় দফায় সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপরই এই সতর্ক সংঙ্কেত বাজানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার দিকে কুয়েতের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে দেখা গেছে। এছাড়া ইফতারের ঠিক আগ মুহূর্তে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিমানবন্দরের কিছু ক্ষয়ক্ষতিসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসীও রয়েছেন।

বিজ্ঞাপন
banner

উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসস্থানে বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিপদ না কাটা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং জরুরি নথিপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সাথে রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড না করতে কঠোর নির্দেশনা দিয়েছে দূতাবাস।

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে (+৯৬৫৬৯৯২০০১৩, +৯৬৫৬৬৫১৬৪০৪, +৯৬৫৫০৮৯৫১৬১) যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার থেকেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে কুয়েতের সমাজকল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্যপণ্য ও প্রয়োজনীয় সামগ্রীর মজুত রয়েছে এবং সমবায় সমিতিগুলোর মাধ্যমে সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কুয়েত সরকার এবং বাংলাদেশ দূতাবাস উভয়ই জনসাধারণকে আতঙ্কিত না হয়ে কেবল সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222