মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): প্রতিদিন কাজের প্রয়োজনে বা পড়াশোনার সময় ইন্টারনেট ব্যবহারকারীরা অসংখ্যবার ব্রাউজারের নতুন ট্যাব খোলেন। সাধারণ এই অভ্যাসকেই ইসলামিক জ্ঞানচর্চা ও আত্মউন্নয়নের অনন্য সুযোগে পরিণত করতে একটি অভিনব ব্রাউজার এক্সটেনশন তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল হাসানের তৈরি ইসলামিক প্রোডাক্টিভিটি–ভিত্তিক এই এক্সটেনশনের নাম ‘তাকওয়া হাব–নতুন ট্যাব’ (Taqwa Hub – New Tab)। সম্প্রতি এটি গুগল ক্রোম ওয়েব স্টোরে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
এক্সটেনশনটির নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রতিবার নতুন ট্যাব খোলার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর স্ক্রিনে পবিত্র কুরআনের আয়াত, হাদিস, আল্লাহর সুন্দর নাম, প্রয়োজনীয় দোয়া কিংবা নামাজের সময়সূচি ভেসে উঠবে। এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের দৈনন্দিন ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও অর্থবহ ও পুণ্যময় করে তোলা।
এই এক্সটেনশনটিতে রয়েছে একটি সমৃদ্ধ ইসলামিক ড্যাশবোর্ড, যেখানে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, পরবর্তী নামাজের কাউন্টডাউন, নামাজের আগে নোটিফিকেশন অ্যালার্ট, হিজরি তারিখ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের নিখুঁত সময় দেখা যাবে। এর পাশাপাশি এতে রয়েছে স্মার্ট সার্চ, ফোকাস টুল এবং বাংলা ও ইংরেজি অর্থসহ আরবি শব্দ শেখার বিশেষ সুবিধা। এক্সটেনশনটির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে নির্দিষ্ট সময় পরপর কুরআনের আয়াত, হাদিস, আল্লাহর নাম এবং আরবি শব্দগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে থাকে। প্রতিটি আরবি শব্দের সাথে বাংলা ও ইংরেজি অনুবাদ যুক্ত থাকায় নিয়মিত ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারীরা খুব সহজেই তাদের কুরআনিক আরবি শব্দভান্ডার সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
এক্সটেনশনের উদ্ভাবক মো. নাজমুল হাসান বলেন, প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগাতে চেয়েছি যাতে মানুষের দৈনন্দিন অনলাইন ব্যবহারের সাথে ইসলামিক জ্ঞানচর্চা ও আত্মউন্নয়ন সহজভাবে যুক্ত হতে পারে। ভবিষ্যতে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এই এক্সটেনশনটি শুধু গুগল ক্রোম ব্রাউজারেই নয়; বরং ব্রেভ, মাইক্রোসফট এজসহ যেকোনো ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারে অনায়াসে ব্যবহার করা যাবে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই এটি ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। এছাড়া সম্পূর্ণ প্রকল্পটি ওপেন সোর্স হওয়ায় আগ্রহী অন্যান্য ডেভেলপাররাও এর বাগ সংশোধন, নতুন ফিচার সংযোজন, ইন্টারফেসের নকশা উন্নয়ন, অনুবাদ এবং কুরআন-হাদিস–সংক্রান্ত তথ্যভান্ডার আরও সমৃদ্ধ করার কাজে সরাসরি অংশ নিতে পারবেন।
টিএইচএ/
