রাজধানীতে তীব্র গ্যাস সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে অটোরিকশাচালকরা মূল সড়কে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন। ব্যস্ততম এই সড়কে চালকরা হঠাৎ অবস্থান নেওয়ায় পুরো এলাকায় মারাত্মক যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত শতাধিক সিএনজিচালকরা একজোটে রাজপথে নেমে আসেন এবং গ্যাস সংকট নিরসনে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। খিলক্ষেতের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে তীব্র গরমে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও দূরপাল্লার যাত্রীরা।
অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন সিএনজিচালক ক্ষোভ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাসের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। প্রতিদিন শুধু গ্যাসের জন্য পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েই তাদের কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছেন না তারা। স্বাভাবিক সময়ের চেয়ে আয় আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সিএনজি মালিকের দৈনিক জমা পরিশোধ করা এবং পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে।
সড়কে বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খিলক্ষেত থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি প্রসঙ্গে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, গ্যাসের তীব্র ঘাটতি এবং পাম্পে ভোগান্তির প্রতিবাদ জানাতেই অটোরিকশাচালকরা সড়কে অবস্থান নিয়েছেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সাথে কথা বলছেন।
টিএইচএ/
