বিশেষ প্রতিবেদক:: ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী মঙ্গলবার (৪ আগস্ট) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তার এই সফর উপলক্ষে পরের দিন ৫ আগস্ট (বুধবার) বেলা তিনটায় রাজধানীর মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে এক বিশেষ উলামা মাহফিলের আয়োজন করা হয়েছে।
জামিয়া আরজাবাদের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মাহফিলের মূল বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘আকাবিরে দেওবন্দের মানহাজের আলোকে আত্মশুদ্ধি ও আত্মগঠন’।
রবিবার (২ আগস্ট) রাতে ৩৬ নিউজকে আয়োজক সূত্র জানায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লামা আবুল কাসেম নোমানী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী।
মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
দেওবন্দের মুহতামিমের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে আলেম-উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে জামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, ‘দেওবন্দের সম্মানিত মুহতামিম সাহেবের আগমন উপলক্ষে আমরা বিশেষ উলামা মাহফিলের আয়োজন করেছি। অনুষ্ঠানে সারাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নেবেন। রাজধানী ও আশেপাশের বিভিন্ন এলাকার মাদরাসা ও মসজিদগুলোতে আমাদের বিশেষ প্রতিনিধি দল সরাসরি দাওয়াত পৌঁছে দিচ্ছে।’
আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-খতিবসহ ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
