নিজস্ব প্রতিবেদক:: কওমি মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিকল্পনা, পর্যাপ্ত জায়গা এবং অভিজ্ঞ আলেমদের সমন্বয়ে মজলিসে শূরা গঠনের জোর তাগিদ দিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। কোনো ধরনের প্রস্তুতি ও সক্ষমতা ছাড়া অপরিকল্পিত মাদ্রাসা গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কওমী শিক্ষা ব্যবস্থার গুণগত মান রক্ষা ও সুসংগঠিত করার লক্ষ্যে এসব মতামত তুলে ধরেন এই আলেম।
‘ছোট কক্ষে ভাড়া নিয়ে মাদ্রাসা চালুর সংস্কৃতি বন্ধের আহ্বান’
মুফতি সাখাওয়াত রাজী তাঁর পোস্টে উল্লেখ করেন, কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা একটি মহৎ আমানত। তাই যেখানে-সেখানে বা হুট করে প্রতিষ্ঠান গড়ে তোলা অনুচিত। একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে সংকীর্ণ পরিসরে ‘জামিয়া’ বা ‘মাদ্রাসা’ নামে প্রতিষ্ঠান চালু করাকে সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, “এগুলোকে বড়জোর একটি কোচিং সেন্টার বলা যেতে পারে, আদর্শ মাদ্রাসা নয়।”
পর্যাপ্ত জমি ও মনোরম পরিবেশের ওপর জোর
মাদ্রাসা প্রতিষ্ঠার আগে আবাসন ও সুপরিকল্পিত ক্যাম্পাস কাঠামোর ওপর জোর দিয়ে তিনি জানান, মাদ্রাসা কেবল শহরেই হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেশের যেকোনো প্রান্তে বা প্রত্যন্ত গ্রামেও যদি ৮ থেকে ১০ একর বা পর্যাপ্ত জমির ওপর পরিকল্পিত ও আবাসিক মাদ্রাসা গড়ে তোলা যায়, তবে দ্রুতই তা মানসম্মত প্রতিষ্ঠানে রূপ নেয়।
তিনি আরও উল্লেখ করেন, মনোরম পরিবেশ, পর্যাপ্ত জায়গা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা থাকলে শহরের মতো গ্রামেও ছাত্র-শিক্ষকেরা সানন্দে অবস্থান করেন। তাই শুরু থেকেই দীর্ঘমেয়াদি ও বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোনো উচিত।
শক্তিশালী ‘মজলিসে শূরা’ গঠনের পরামর্শ
একটি প্রতিষ্ঠানকে টেকসই ও আদর্শ করতে অভিজ্ঞ ওলামায়ে কেরামের সমন্বয়ে শক্তিশালী ‘মজলিসে শূরা’ গঠনের পরামর্শ দিয়েছেন ইসলামী ঐক্যজোটের এই নেতা। তিনি বলেন, অভিজ্ঞদের পরামর্শ ও সঠিক তত্ত্বাবধানই একটি প্রতিষ্ঠানকে সুসংগঠিত রাখতে পারে।
পূর্বপ্রস্তুতি ও সক্ষমতা ছাড়া নতুন মাদ্রাসা চালু না করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, একটি দুর্বল ও অপরিকল্পিত প্রতিষ্ঠান শুধু প্রতিষ্ঠাতা নয়, বরং পুরো উম্মতের জন্যই ক্ষতির কারণ হতে পারে। একই সাথে, যারা বড় পরিসরে ও পরিকল্পিতভাবে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন, সাধ্য অনুযায়ী তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
