নিজস্ব প্রতিবেদক:: ‘হেজবুত তাওহীদ’-এর কার্যক্রম বন্ধ না করলে রাজধানী ঢাকাকে অচল করে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল।
সম্প্রতি নোয়াখালীর এক সম্মেলনে দেওয়া বক্তব্যে আল্লামা আব্দুল আউয়াল এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তব্যে তিনি বলেন, ‘আমরা নোয়াখালীতে প্রোগ্রাম করেছি। আগামী দিনে প্রয়োজনবোধে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং রাষ্ট্রের সাথে বসে হিজবুত তাওহীদের ভুল আকিদাগুলো সরকারকে বোঝাবার চেষ্টা করব।’
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার যদি হিজবুত তাওহীদের কর্মকাণ্ড বন্ধ না করে, তবে অচিরেই তারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেবেন।
আল্লামা আব্দুল আউয়াল বলেন, ‘সরকার যদি তাদের কার্যক্রম বন্ধ না করে, তাহলে অচিরেই আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে ঢাকাকে অচল করে দেব এবং হিজবুত তাওহীদকে এ দেশ থেকে উৎখাত করে ছাড়ব, ইনশাআল্লাহ।’
