রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সমকামি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যবসায়ীসহ ১২৩০ জন বিশিষ্ট নাগরিক। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ‘মূল্যবোধ আন্দোলন’-এর মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে প্রচলিত আইন ও সামাজিক রীতিনীতির বাইরে সমলিঙ্গের বিয়ের একটি চাঞ্চল্যকর ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কামাল হোসেন নামক এক পুরুষ নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বা রূপান্তরিত নারী দাবি করে অপর এক পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অথচ দেশের প্রচলিত সংবিধান বা আইনে ‘ট্রান্সজেন্ডার’ কিংবা ‘ট্রান্সজেন্ডার নারী’ বলে কোনো তৃতীয় লিঙ্গের বা স্বতন্ত্র লিঙ্গের স্বীকৃতি নেই। এ ছাড়া দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা আইনত একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ।
বিবৃতিতে আরও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, দেশের প্রাণকেন্দ্র ঢাকায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরও ঘটনার এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান বা জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রায় ৯২ শতাংশ মুসলিম-অধ্যুষিত এই দেশের সাধারণ মানুষ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি অত্যন্ত সংবেদনশীল। এই পরিস্থিতিতে ধর্মীয় ও সামাজিক অনুশাসন লঙ্ঘনকারী এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
উক্ত বিবৃতিতে দেশের বিভিন্ন স্তরের মোট ১২৩০ জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিবর্গ। উল্লেখযোগ্য স্বাক্ষরকারীদের মধ্যে ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ, মসজিদ উত তাকওয়া সোসাইটির খতীব মুফতি সাইফুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, আইইউবির প্রফেসর ও মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আসিফ মাহতাব উৎস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার, সাবেক সচিব নুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জুলফিকার হাসান খান, বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ তানভীর পারভেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মাদ মাকসুদ হোসেনসহ দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
টিএইচএ/
