বিশেষ প্রতিবেদক:: ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় থাকে যা কেবল অতীতের স্মৃতি নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। ক্ষমতার মসনদে বসে যখন কেউ একটি জাতির বিশ্বাস, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়ের ওপর আঘাত হানে—সেই ক্ষত প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে। তুরস্কের ইতিহাসে অটোমান সাম্রাজ্যের পতন এবং তুরস্কের ইতিহাসে ঘৃণিত শাস মোস্তফা কামাল আতাতুর্কের শাসনকাল তেমনই এক চরম বিতর্কিত ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।
১৮৮১ সালে অটোমান সাম্রাজ্যের স্যালোনিকা শহরে জন্ম নেওয়া মোস্তফা কামাল সামরিক শিক্ষায় থাকাকালীন পাশ্চাত্য চিন্তাধারার দিকে ঝুঁকে পড়েন। পরবর্তীতে ১৫ বছরের শাসনকালে তিনি যেসব চরমপন্থী সংস্কার ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, তা দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার ওপর প্রচণ্ড আঘাত হেনেছিল।
ধর্মীয় পরিচয় মুছে ফেলার ইতিহাস
মোস্তফা কামাল আতাতুর্কের শাসনামলে তুরস্কের হাজার বছরের ইসলামি ঐতিহ্য ও সামাজিক কাঠামোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করা হয়:
আযান ও ইবাদতের ভাষা পরিবর্তন: ঐতিহ্যবাহী আরবি আযান ও সালাত তুর্কি ভাষায় রূপান্তরের আদেশ দেওয়া হয়। এর প্রতিবাদ করায় বহু আলেম ও মুয়াজ্জিনকে কারাবরণ, চাকরিচ্যুতি এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল। শত শত প্রাচীন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ বা ধ্বংস করা হয়।
পোশাক ও উপাধি আইন (১৯২৫-১৯৩৪): ১৯২৫ সালের ২৫ নভেম্বর টুপি পরা নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে হিজাব ও বোরকা পরিধানের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। একই সাথে খানকা ও মাজার বন্ধের আইন পাস করা হয়।
হরফ ও পরিভাষা পরিবর্তন (১৯২৮-১৯৩৪): ১৯২৮ সালের ১ নভেম্বর আরবি বর্ণমালার ব্যবহার নিষিদ্ধ করে লাতিন বর্ণমালা চালু করা হয়। পাশাপাশি ‘আফেন্দি’, ‘বেগ’ বা ‘পাশা’র মতো ঐতিহ্যবাহী তুর্কি ও মুসলিম উপাধিগুলোও বিলুপ্ত করা হয়।
যদিও অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ও সড়ক-যোগাযোগ ব্যবস্থায় তিনি দৃশ্যমান অগ্রগতি এনেছিলেন, কিন্তু নিজ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও আত্মপরিচয়ের ওপর চরম দমনপীড়ন তার শাসনকালকে ইতিহাসের এক কালিমালিপ্ত অধ্যায়ে পরিণত করেছে।
আধুনিক প্রজন্ম ও পারিবারিক শিক্ষার সংকট
ইতিহাসের এই নির্মম অধ্যায় কেবল অতীতের ঘটনা নয়, বর্তমান সময়ের জন্যও এক গভীর চিন্তার খোরাক। আজকের জেন-জি (Gen Z) ও জেনারেশন আলফার (Gen Alpha) মানসিক বিকাশ ও মূল্যবোধ গঠনে পারিবারিক শিক্ষার ভূমিকা নিয়ে সমাজচিন্তকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
অনেক পরিবারে সন্তানকে ‘সালাহুদ্দিন আইয়ুবি’ বা ‘জয়নব আল গাজালি’র মতো আদর্শে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করা হলেও, বাস্তব জীবনে কেবল পার্থিব সাফল্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। পরীক্ষায় প্রথম হওয়া, ভালো সিজিপিএ অর্জন বা ক্যারিয়ারে সেরা হওয়ার দৌড়ে সন্তানদের এত বেশি ব্যস্ত রাখা হচ্ছে যে, তাদের আত্মিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ শিক্ষার সময় থাকছে না।
বিশেষজ্ঞদের মতে, সন্তানদের কেবল বাহ্যিক আধুনিকতায় আলোকিত না করে যদি নৈতিকতা, মৌলিক ধর্মীয় জ্ঞান ও মানবিক মূল্যবোধের সঠিক পরিচয় করিয়ে না দেওয়া হয়, তবে ভবিষ্যতে একটি আদর্শহীন নেতৃত্ব ও সামাজিকভাবে বিচ্ছিন্ন প্রজন্ম গড়ে ওঠার ঝুঁকি থেকেই যায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বস্তুগত সাফল্যের পাশাপাশি একটি নীতিবান ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই আজ সময়ের দাবি।
