বিশেষ প্রতিবেদক:: ফিলিস্তিনের উলামা পরিষদ ‘হায়্যাতুল উলামা’র আমন্ত্রণে তুরস্ক সফরে গেছেন জামিয়া রাহমানিয়ার প্রধান মুফতি এবং বিশিষ্ট গবেষক ও লেখক আল্লামা মুফতি হিফজুর রহমান। ‘হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন’-এর প্রতিনিধি হিসেবে মুসলিম উম্মাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে এ সফরে যান তিনি।
সোমবার (৩ আগস্ট) ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলেম মাওলানা কাউসার আহমাদ সুহাইল ৩৬ নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সফরকালে আল্লামা মুফতি হিফজুর রহমান তুরস্কে আয়োজিত উম্মাহর বৈশ্বিক সংকট ও ফিকরি (চিন্তাগবেষণামূলক) বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এই সফরে ‘হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন’-এর প্রতিনিধি দলের সদস্য হিসেবে তাঁর সাথে আরও রয়েছেন রাজধানী ঢাকার লালমাটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা সুলাইমান।
আরবি ও বাংলা ভাষায় বহু কালজয়ী গ্রন্থের প্রণেতা আল্লামা হিফজুর রহমানের এই বিশ্বমঞ্চের সফরকে উম্মাহর ঐক্যের ক্ষেত্রে অত্যন্ত তাত্পর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সফরটি যেন উম্মাহর কল্যাণে কবুল হয়, সে জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
