যুদ্ধ শেষ: ঘোষণা আফগান মন্ত্রীর

by Fatih Work

আফগানিস্তানের সীমান্ত, জাতি ও উপজাতি বিষয়ক মন্ত্রী মোল্লা নূরাল্লাহ নূরী জাবুল প্রদেশের দাইচোপান জেলার ধর্মীয় আলেম ও উপজাতীয় প্রবীণদের সাথে এক বিশেষ বৈঠক করেছেন। বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, দেশে সংঘাতের যুগের অবসান ঘটেছে এবং আফগানিস্তান এখন পুনর্গঠন, উন্নয়ন ও জাতীয় অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করেছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় নেতৃত্ব ও সরকারের মধ্যে যোগসূত্র ও পারস্পরিক মেলবন্ধন জোরদার করতেই এই আলোচনার আয়োজন করা হয়। উপস্থিত উপজাতীয় প্রতিনিধিরা ইসলামিক তারা শাসনব্যবস্থা ও এর নেতৃত্বের প্রতি তাদের সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সরকারের নির্দেশনা মেনে চলাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞাপন
banner

দেশজুড়ে বিদ্যমান স্থিতিশীলতার প্রশংসা করে দাইচোপান এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামোগত সংস্কারের দাবি জানান স্থানীয় প্রতিনিধিরা। বিশেষ করে সড়ক নির্মাণ, স্বাস্থ্য ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক জোরদার করার জন্য তারা আকুল আহ্বান জানান।

বক্তব্যে মন্ত্রী নূরী জিহাদকে একটি ঐশ্বরিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, বহু বছরের ত্যাগ ও সংগ্রামের ফলেই আজকের এই শান্তি ও স্থিতিশীলতা অর্জিত হয়েছে। এখন দেশকে নতুন করে গড়ে তুলতে প্রতিটি নাগরিককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে থমকে থাকা অসংখ্য উন্নয়ন প্রকল্প এখন সমাপ্তির দ্বারপ্রান্তে। দেশে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং অতীতের প্রতিপক্ষরাও এখন জাতীয় অগ্রগতি ও পুনর্গঠন প্রক্রিয়ায় সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।

বৈঠকে অংশ নেওয়া উপজাতীয় প্রবীণরা ইসলামিক আমিরাতের বর্তমান অভ্যন্তরীণ সংহতিকে “অভূতপূর্ব” বলে বর্ণনা করেন। এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থায়িত্ব ও নিরাপত্তা আরও সুসংহত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, দাইচোপান অঞ্চলে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থার মতো মৌলিক অবকাঠামোগত কাজগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান স্থানীয় নেতৃবৃন্দ।

তথ্যসূত্র: টোলো নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222