আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত নীতিনির্ধারণী ফোরামের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত ৮টায় শুরু হওয়া এই দীর্ঘ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে বিষদ আলোচনা হয়েছে। সবশেষে আগামী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনা হলে স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে দলীয় প্রার্থী চূড়ান্তকরণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের ওপর অর্পণ করেন।
বৈঠক বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে এবং নির্বাচন কমিশন ইতোমধ্যেই এ বিষয়ে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করলে দলীয় প্রার্থী মনোনয়নের কাজটি সুনির্দিষ্টভাবে সম্পন্ন করবেন চেয়ারম্যান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। একক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন পড়বে না, তবে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। এ ক্ষেত্রে সময়সূচি নির্ধারণে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশন প্রয়োজনীয় আলোচনা করবে। এছাড়া চলতি বছরের শেষভাগে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও দল ও সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বৈঠকে আলোচনা হয়।
উচ্চপর্যায়ের এই নীতিনির্ধারণী বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
টিএইচএ/
