সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন মো. মোশাররফ হোসেনের সদস্য পদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।
শনিবার জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুলাই বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মোশাররফ হোসেনের বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পর্যালোচনা করে তার সদস্য পদ বাতিলের সুপারিশ করা হয়। পরবর্তীতে সেই সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর তার রুকনিয়াত বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে আরও পরিষ্কার করা হয় যে, রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে দলীয় সদস্য মো. মোশাররফ হোসেনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বা যোগাযোগ নেই। ফলে ভবিষ্যতে তার কোনো ব্যক্তিগত বক্তব্য, সামাজিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক লেনদেনের দায়দায়িত্ব সংগঠন কোনোভাবেই বহন করবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিজস্ব আদর্শ, গঠনতন্ত্র, দলীয় শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড অক্ষুণ্ন রাখতে সম্পূর্ণ বদ্ধপরিকর। সংগঠনের নীতি, নিয়ম-কানুন ও শৃঙ্খলার পরিপন্থি কোনো কার্যকলাপে যে কেউ যুক্ত হলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী এই ধরনের কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টিএইচএ/
