ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে ভর্তি থাকা রোগীদের সরকারি বা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম।
অভিযান শেষে বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকো প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসাধীন রোগীদের নিরাপদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম সিভিল সার্জনের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান সম্পর্কে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ায় মোট পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
