জামায়াত জোট ছাড়ছে এনসিপি!

by hsnalmahmud@gmail.com

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে পথ চলার পর এবার কি তবে ভাঙনের সুর বাজছে? রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন উঠেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতা ও কৌশলগত মতপার্থক্যের জেরে খুব শিগগিরই এই জোটত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দুই দলের মধ্যকার এই দূরত্বের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের প্রধান ছয়টি সিটিতে মেয়র পদে এককভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

অন্যদিকে জামায়াত আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম সামনে আনা হয়।

মজার ব্যাপার হলো, একই পদে এনসিপি আগেই তাদের দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে। দুই শরিক দল একই পদে মুখোমুখি অবস্থান নেওয়ায় সমঝোতার পথ দিন দিন সংকুচিত হয়ে আসছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের কাছে জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি পরে জানাবেন বলে এড়িয়ে গেছেন।

এর আগে জামায়াত-সমর্থিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মন্তব্য করেন, এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে। এ নিয়ে উভয় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।

এদিকে এনসিপির অভ্যন্তরীণ একটি সূত্র বলছে, দীর্ঘমেয়াদে দেশের রাজনীতিতে একটি শক্তিশালী ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় এনসিপি।

এছাড়া আরও বেশ কিছু সূত্র জানায়, কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ ও বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এছাড়াও এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনভিত্তি কতটুকু, তা যাচাই করতে চায় দলটি।

এনসিপির আরও একটি সূত্র জানিয়েছে, তারা এককভাবে পথ চলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।

এর আগে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, তারা স্বতন্ত্রভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং চূড়ান্ত সময়ে দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করবেন।

অন্যদিকে, জামায়াতের তৃণমূল পর্যায়েও এনসিপির প্রার্থীদের নিয়ে একধরনের অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসে। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঘোষণা দিয়ে গঠিত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে এককভাবে সারা দেশে সাংগঠনিক ভিত্তি তৈরি ও নির্বাচন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে সে সময় জামায়াতে ইসলামীর সঙ্গে কৌশলগত জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি।

সেই সময় নির্বাচনে বৃহত্তর শক্তি অর্জনের লক্ষ্যেই মূলত জামায়াতের হাত ধরেছিল তরুণদের এই দলটি। তবে সংসদ নির্বাচনের সেই বৈতরণী পার হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশল নিয়ে এখন সেই জোটে ফাটল ধরতে শুরু করেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222