ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত

by Abid vs36

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে যাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ইসলামী ছাত্রশিবির, ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং অন্যান্য ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরাণীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবা উন্নয়নের মতো জরুরি ও যৌক্তিক দাবিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে ইউজিসি চেয়ারম্যানের দৃষ্টিগোচর করার উদ্যোগ নিয়েছিলেন জকসু প্রতিনিধিরা। কিন্তু মঙ্গলবার পূর্বনির্ধারিত ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও জকসু সূত্রে জানা যায়, প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের সময় বাধা সৃষ্টি হলে জকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জকসু ভিপি মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতারা মিলনায়তনে প্রবেশ করতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল সরাসরি বাধা দেন এবং দ্রুত গেট আটকে দেওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসান এগিয়ে এলে ছাত্রদল আহ্বায়ক তাকেও ধাক্কা দেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে জকসু নেতাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।

এই হামলায় জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক এবং জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ গুরুতর আহত হন। ঘটনার পর অডিটোরিয়ামের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছেঁড়া প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জকসু জিএস আব্দুল আলিম আরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘প্রক্টর ছাত্রদল হয়ে গেছে, নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা এবং ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।’

জকসু ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ক্যাডাররা হামলা চালিয়েছে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলেছে। প্রক্টর অফিসের সহযোগিতায় আমাদের জকসুর প্রতিনিধিদেরও ধাক্কা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে এবং অবিলম্বে এই ন্যক্কারজনক হামলার বিচার বাস্তবায়ন করতে হবে। আমাদের ভাই-বোনদের পোস্টার ছিঁড়ে ফেলা হলেও এই ছেঁড়া পোস্টারের মাধ্যমেই আমাদের দাবি আদায় হবে, ইনশাআল্লাহ।’

আকস্মিক এই সহিংসতার পর পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222