৩৬নিউজ ডেস্ক: কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের পরীক্ষা দাওরায়ে হাদিস (তাকমিল)-এর ২০২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার (৪ আগস্ট) থেকে এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বোর্ড সূত্রে জানা গেছে, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি পুরাতন নেগরান ও মুমতাহিন বা পরীক্ষকদের তথ্য হালনাগাদ করার কাজ এবং নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসার দায়িত্বশীল প্রশাসকরা নির্ধারিত সফটওয়্যারে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে এবারের নিবন্ধন প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ গ্রহণের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
নিবন্ধনের বিস্তারিত নির্দেশাবলীতে জানানো হয়েছে, অনলাইনে তথ্য এন্ট্রি করার পূর্বে পরীক্ষার্থীদের নিজ হাতে নির্ধারিত ব্যক্তিগত ফরম পূরণ করে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট মাদ্রাসার মুহতামিম বা নাজিমে তা’লীমাতের চূড়ান্ত অনুমোদনের পর সেই তথ্য অনলাইনে আপলোড করতে হবে। এ বছর নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফি ৮০০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ১ শতাংশ হারে অনলাইন চার্জ যুক্ত হবে। তবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে, যেখানে নিয়মিতদের ৮০০ টাকা এবং অনিয়মিতদের ৯০০ টাকা ফি পরিশোধ করতে হবে।
আল-হাইআতুল উলয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৪ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। এর মধ্যে আগামী ৪ আগস্ট থেকে ১৯ রবিউল আউয়াল পর্যন্ত সাধারণ সময়ের মধ্যে এবং ২০ থেকে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা যাবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আর কোনো নতুন আবেদন বা নিবন্ধন গ্রহণ করা হবে না।
টিএইচএ/
