রাবিতে চার বছরে ৩৬০৩ শিক্ষার্থী পেলেন ২ কোটি টাকার স্বাস্থ্য বীমা সুবিধা

by Abid vs36

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ের আর্থিক চাপ কমাতে চালু হওয়া বিশেষ স্বাস্থ্য বীমা প্রকল্প চার বছরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত প্রকল্পটির আওতায় ৩ হাজার ৬০৩ জন শিক্ষার্থী মোট ২ কোটি ১ লাখ ২৯ হাজার ৮৫১ টাকা স্বাস্থ্য বীমা সুবিধা পেয়েছেন।

গত ২৬ এপ্রিল প্রকাশিত জেনিথ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘ক্লেইম রিপোর্ট অন রাজশাহী ইউনিভার্সিটি’ শীর্ষক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত চার বছরে বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বীমা কোম্পানি প্রিমিয়াম হিসেবে প্রদেয় হিসেবে মোট ২ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৩৭৫ টাকা পেয়েছে। এর বিপরীতে ৩ হাজার ৬০৩ শিক্ষার্থীকে ২ কোটি ১ লাখ ২৯ হাজার ৮৫১ টাকা সরাসরি পরিশোধ করা হয়েছে। এছাড়া অকালমৃত্যুবরণকারী ১০ জন শিক্ষার্থীর পরিবারকে জীবন বীমা সুবিধা হিসেবে দেওয়া হয়েছে ২০ লাখ টাকা।

বর্তমানে আরও ২২৫টি ক্লেইম আবেদন প্রক্রিয়াধীন এবং বীমার শর্ত জটিলতায় ৪৯টি আবেদন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে, যার দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৪ লাখ ২৩ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে প্রথম দুই বছরের জন্য জেনিথ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এই চুক্তি করে রাবি প্রশাসন। পরবর্তীতে মেয়াদ শেষ হলে চলতি ২০২৬ সালেও চুক্তিটি পুনরায় নবায়ন করা হয়েছে।

বীমার নিয়ম ও সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফির সাথেই বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়ামের বিনিময়ে এই সেবা চালু রয়েছে। এর আওতায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে বছরে সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং বহির্বিভাগে চিকিৎসার জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এছাড়া কনসালটেশন ফি, ওষুধ ও প্যাথলজি পরীক্ষার ব্যয়ও এর আওতাভুক্ত। দুর্ঘটনা বা জটিলতায় কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার পরিবার এককালীন পাবেন ২ লাখ টাকা।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার তত্ত্বাবধানে এই পুরো সুবিধাটি অনলাইন সিস্টেমের (ru.ac.bd পোর্টালে ‘Student Insurance’ অপশনের মাধ্যমে) আওতায় পরিচালিত হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সঠিক থাকলে অনলাইনেই ফরম পূরণ করে আবেদন করা যায় এবং যাচাই-বাছাই শেষে শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক বা রকেট অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মো. আবু হাসনাত আবদুল্লাহ কিডনির চিকিৎসায় প্রাপ্ত সুবিধা পেয়ে বলেন, “আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ৭০ হাজার টাকার সহায়তা অনেক বড় প্রাপ্তি। তবে আবেদন প্রক্রিয়া ও টাকা পাওয়ার সময়সীমা আরও দ্রুততর করা হলে শিক্ষার্থীরা ভোগান্তি থেকে মুক্ত হবে।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, মধ্যবিত্ত বা অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের পরিবারের পক্ষে দ্রুত অর্থ জোগাড় করা কঠিন হয়ে যায়। এই মানবিক বীমা তাদের পাশে একটি বড় শক্ত ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে। চলতি বছরে মেয়াদ শেষে রিনিউ করা হয়েছে এবং জটিল রোগে আক্রান্ত সকল শিক্ষার্থীদের দ্রুত এ সুবিধার আওতায় আসার আহ্বান জানিয়েছেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222