জুলাইয়ে আহতদের চাকরির ব্যবস্থা করবে রাবি প্রশাসন: উপাচার্য

by Abid vs36

  • মো. রেজওয়ান (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই আন্দোলনে আহতদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান: তারুণ্যের প্রত্যয়, গণতন্ত্রের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

বক্তব্যের শুরুতেই উপাচার্য বলেন, ‘জুলাইয়ে আহতদের অভিজ্ঞতা ও কষ্টের কথা শুনে আমার হৃদয় সত্যিই ব্যথিত হয়েছে। বক্তব্য শুরুর আগে আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়ে আমি আজকের বক্তব্য শুরু করতে চাই।’ ফ্যাসিবাদ ২০২৪ সালের আগস্টে বিদায় নিলেও তারা পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দল-মতনির্বিশেষে জুলাইয়ে অংশ নেওয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ আর কখনো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়। জনগণের রায় এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, মানবতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষার সংগ্রামের গুরুত্ব অস্বীকার করার অপচেষ্টা চলছে, যা পর্যালোচনা করা প্রয়োজন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বিগত ১৭ বছরের শাসনামলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর চলা চাপ ও বাকস্বাধীনতা সংকোচনের নানা দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জুলাই আন্দোলনে আহত মণিরাজ আক্ষেপ করে বলেন, আন্দোলনের ১৭ মাস পেরিয়ে গেলেও অনেক আহত ব্যক্তির সরকারি গেজেট প্রকাশ হয়নি। রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হন এবং দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করার দাবি জানান তিনি। আরেক আহত ব্যক্তি ইমরান জানান, ১৯ জুলাই মিরপুরে কর্মস্থলে গুলিবিদ্ধ হয়ে তিনি একটি পা হারিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের মতো আহতদের জন্য জুলাই মানে অনেক ত্যাগ আর বেদনার স্মৃতি। আমরা চাই আমাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হোক।’

আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আর্ট ক্যাম্পের উদ্বোধন, ‘জুলাই গণঅভ্যুত্থান: রং-তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন কর্মসূচি এবং বিশেষ দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রাধ্যক্ষ, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222