ভারতজুড়ে ছড়িয়ে পড়া তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই, ২০২৪) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এক্সে শেয়ার করা খোলা চিঠিতে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, দিল্লির জন্তর মন্তরসহ পুরো ভারতজুড়ে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কোনো ‘দেশবিরোধী শক্তি’ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও লেখেন, দেশের ঐক্য রক্ষায়, ভারতের কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন দীর্ঘ আইনি জটিলতায় আটকে না পড়ে এবং তরুণেরা যাতে তাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে মনোনিবেশ করতে পারে, সেই স্বার্থেই তিনি স্বপ্রণোদিত হয়ে এই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে এই পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, দিল্লি পুলিশ কর্তৃক গত ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের প্রতিবাদে আগামী রোববার (২৬ জুলাই) পুরো ভারতজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পুলিশের ওই দমন-পীড়নের ঘটনায় এ পর্যন্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে দিল্লিতে মোট ১৩টি পৃথক এফআইআর (FIR) দায়ের করেছে স্থানীয় প্রশাসন।
সিজেপি তাদের মূল দাবিসমূহে অনড় থেকে স্পষ্টভাবে জানিয়েছে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে পুলিশি হামলা চালানোয় তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সরকার ও পুলিশ প্রশাসনকে। পাশাপাশি আন্দোলনরত কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বা আইনি ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ প্রত্যাহার করে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
টিএইচএ/
