ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজন করলো ‘বন্ধুত্বের বাংলাদেশ’

by Abid vs36

রাজধানীর ব্যস্ত নগরজীবনে প্রতিদিন অসংখ্য ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষ বেঁচে থাকার চরম সংগ্রামে লিপ্ত হন। সেইসব অসহায় মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে একটি অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘বন্ধুত্বের বাংলাদেশ’। সাধারণ ত্রাণ বিতরণের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে সম্মান ও সহমর্মিতা ভাগাভাগির এই মানবিক প্রয়াস সুশীল সমাজে প্রশংসিত হচ্ছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে একই টেবিলে বসে খাবার উপভোগের বিশেষ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। কেবল খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল না, বরং সমাজের প্রান্তিক মানুষদের সমান মর্যাদা দিয়ে পাশে বসা, তাদের খোঁজখবর নেওয়া এবং ভালোবাসার অনুভূতি ভাগ করে নেওয়াই ছিল প্রধান দিক।

বিজ্ঞাপন
banner

কর্মসূচিতে অংশ নেওয়া পথশিশু ও প্রবীণ অসহায় মানুষদের চোখেমুখে স্বস্তির ছাপ দেখা যায়। আয়োজনে উপস্থিত অনেকেই জানান, পুষ্টিকর আহার পাওয়ার পাশাপাশি সামাজিক এ সম্মান তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। প্রান্তিক এই মানুষগুলোর জীবনের কষ্ট লাঘবে এমন সম্মানজনক উদ্যোগ অত্যন্ত বিরল বলে মনে করেন উপস্থিত পথচারী ও স্থানীয়রা।

সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে সংগঠনের দায়িত্বশীলরা জানান, কোনো বিশেষ দিনে ক্ষণিকের জন্য নয়, বরং টেকসইভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই এই ধারাবাহিক কার্যক্রম। তারা বলেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম ও সামাজিক দায়িত্ব। কেবল অন্ন সংস্থান নয়, ভালোবাসা, আত্মসম্মান ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব।

সংগঠনটির নিয়মিত কাজের চিত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রতি মাসে চারটি শুক্রবার তারা নানামুখী মানবিক সেবা দিয়ে থাকে। এর মধ্যে দুটি শুক্রবারে বিনামূল্যে পুষ্টিকর খাদ্য বিতরণ এবং বাকি দুটি শুক্রবারে আয়োজন করা হয় ফ্রী মেডিকেল ক্যাম্পের। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, জরুরি স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক অনুদান প্রদান এবং গৃহহীন পথশিশুদের জন্য মৌলিক শিক্ষার ব্যবস্থা সুগম করতে নিয়মিত কাজ করছে সংগঠনটি।

পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটকালে দ্রুততম সময়ে দুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়ে ইতোমধ্যে নিজেদের বিশ্বস্ততা ও কার্যকারিতা প্রমাণ করেছে এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। আয়োজনের সার্বিক সফলতায় সহযোগী, স্বেচ্ছাসেবক ও দাতাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এই পরিধি সারা দেশে বিস্তৃত করার অঙ্গীকার প্রকাশ করেন তারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222