জাতিসংঘের শরণার্থী প্রধানের সাথে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (৮ জুলাই) আফগানিস্তানের রাজধানী কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (৮ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।

বৈঠকে ইউএনএইচসিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তা বারহাম সালিহ, আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রতিনিধি আরাফাত জামালসহ সংস্থার একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে আফগান শরণার্থীদের নানা সমস্যা, বিভিন্ন দেশ থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় ফেরত আসা আফগানদের পুনর্বাসন এবং মানবিক সহায়তা বিতরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচনাকালে ইউএনএইচসিআর কর্মকর্তা বারহাম সালিহ আফগানিস্তানের বর্তমান শরণার্থী সংকট মোকাবিলায় এবং প্রত্যাবর্তনকারী আফগানদের মানবিক সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তাঁর সংস্থার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক নেতৃত্বের এই কাবুল সফরকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি। তিনি শরণার্থী ও দেশে ফিরে আসা আফগান নাগরিকদের সহায়তায় ইউএনএইচসিআর-এর চলমান প্রচেষ্টা ও সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সমন্বয় আরও জোরদার করার তাগিদ দেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে বিপুল সংখ্যক আফগান শরণার্থী নিজ দেশে ফেরত আসার প্রেক্ষাপটে জাতিসংঘের এই উচ্চপর্যায়ের সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222