জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা–কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
আজ দুপুরে আল-সাদিক (হৃদয়) নামের একটি ফেসবুক আইডি থেকে আগুন দেওয়ার ওই ভিডিওটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারছেন এবং পরে সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দুপুরে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে আছে। তবে মূল কাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুক আইডির মালিক আল-সাদিকের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায়। তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে পড়াশোনা শেষে তিন-চার মাস আগে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় যান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সভা ও সেমিনারেও তিনি নিয়মিত অংশ নিতেন বলে জানা গেছে। এদিকে ঐতিহাসিক এই স্মৃতিস্তম্ভে ন্যক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, এই জঘন্য ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করবেন তাঁরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রনেতারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
টিএইচএ/
