তালা ভেঙে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ

by Abid vs36

দীর্ঘক্ষণ অপেক্ষার পরও নির্ধারিত সময়ে প্রবেশদ্বার না খোলায় বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। বুধবার (৫ আগস্ট) বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে বাইরে অপেক্ষমাণ শত শত সাধারণ দর্শনার্থীও জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করেন। ঘটনাস্থলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি এবং বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে দুপুর সোয়া দুইটায় জুলাই যোদ্ধা, আহত আন্দোলনকারী, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকদের জন্য জাদুঘরের গেট খুলে দেওয়া হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় ধরে গেট বন্ধ থাকায় বাইরে অপেক্ষমাণ লোকজনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ওই সময় টানা বৃষ্টির মধ্যেই শত শত মানুষ মূল ফটকের সামনে ভিজে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘক্ষণ এভাবে অপেক্ষার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা গেটে ধাক্কা দিতে শুরু করেন এবং শেষ পর্যন্ত তালা ও মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

বিজ্ঞাপন
banner

গেট ভেঙে ভেতরে প্রবেশের সময় উপস্থিত জনতার কণ্ঠে বিভিন্ন স্লোগান শোনা যায়। তাদের একটি অংশ শেখ হাসিনার ফাঁসির দাবি তুলে স্লোগান দেন। পাশাপাশি ‘পালাইছে, পালাইছে, শেখ হাসিনা পালাইছে’সহ নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। তবে উত্তেজনার মধ্যেই কয়েকজন আন্দোলনকারী উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মাইকিং বা মৌখিকভাবে বলেন, “কোনো ভাঙচুর করবেন না, কোনো সরকারি সম্পদের ক্ষতি করবেন না। আমরা ইতিহাস দেখতে এসেছি, দেখে চলে যাব।”

ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থী ও আন্দোলনকারীদের অনেকেই অভিযোগ করেন, তারা দীর্ঘ সময় ধরে বৃষ্টির মধ্যে অপেক্ষা করেছেন। কর্তৃপক্ষ যদি নির্ধারিত সময়ে গেট খুলে দিত, তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতো না। তাদের মতে, দায়িত্বপ্রাপ্তদের এই চরম বিলম্বের কারণেই মূলত ক্ষোভ ও উত্তেজনার তৈরি হয়। এর আগে সকাল থেকেই জাদুঘরের সামনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে উদ্বোধনের দিন সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখার সরকারি সিদ্ধান্তে অনেকেই শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।

ঘটনার সময় জাদুঘর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য উপস্থিত থাকলেও বিক্ষুব্ধ জনতার বাঁধভাঙা স্রোতের মুখে পরিস্থিতি সামাল দিতে তাদের বেশ হিমশিম খেতে হয়। পরবর্তীতে বিপুলসংখ্যক মানুষ জোরপূর্বক জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করে এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222