ভারতের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী আগামী ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পূর্বে খুতবাপূর্ব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তাঁর এই বয়ানে মূলত ঈমান-আকিদা, সহিহ আমল-আখলাক, তাকওয়া অর্জন এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের সুমহান নির্দেশনা এবং নৈতিক মূল্যবোধের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হবে। হাদিসশাস্ত্র ও দ্বীনি শিক্ষাবিস্তারে অনন্য অবদানের জন্য তিনি ভারত ও বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বে আলেম-ওলামার কাছে অত্যন্ত সম্মানিত ও সুপরিচিত ব্যক্তিত্ব।
চার দিনের বিশেষ সফরে গত ৪ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন আল্লামা আবুল কাসেম নোমানী। এই সফরে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময় করছেন। আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর খুতবা ও বয়ান শোনার জন্য দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
টিএইচএ/
