আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে উচ্চপর্যায়ের বৈঠক করেছে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকার (আইইএ)। কাবুলে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন ইরানের কৃষি জিহাদ বিষয়ক মন্ত্রী গোলামরেজা নুরি গেজেলজেহে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি, বাণিজ্য ও ট্রানজিট (পণ্য পরিবহন) সহযোগিতা প্রসার এবং আফগানিস্তান-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের সপ্তম বৈঠক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইরান ও আফগানিস্তানের মধ্যে বর্তমান অর্থনৈতিক ও ট্রানজিট সহযোগিতার অগ্রগতিকে স্বাগত জানান। তিনি বলেন, ‘দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।’
অন্যদিকে ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি গেজেলজেহে বিদ্যমান ক্ষেত্রগুলোকে কাজে লাগিয়ে বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দেন। তিনি বর্তমান সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, কৃষি, বাণিজ্য ও আঞ্চলিক ট্রানজিট খাতে এই আলোচনা দুই দেশের সীমান্ত অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সূত্র: আরিয়ানা নিউজ
