৩৬নিউজ ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির কড়া ও কঠোর অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়া মাঝিপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে ভারতের অভ্যন্তরে থাকা নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা নারী ও শিশুসহ মোট ১৩ জন ব্যক্তিকে জিরো লাইনের কাছে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা চালায়। বিষয়টি বিজিবির নিয়মিত টহলদলের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে সীমান্তরেখায় অবস্থান গ্রহণ করে এবং প্রবেশের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘ সময় ধরে সীমান্তজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির পর বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, “পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তীব্র বাধা দেওয়ায় তাদের অনুপ্রবেশ চেষ্টা সফল হয়নি। বাধ্য হয়ে বিএসএফ তাদের ফেরত নিয়ে চলে গেছে।”
তিনি আরও নিশ্চিত করেন, বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো বহিরাগত বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তির অবস্থান নেই এবং সার্বিক পরিস্থিতি পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো অনুপ্রবেশ ও পুশ-ইন রুখে দিতে পুরো সীমান্ত এলাকায় বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।
টিএইচএ/
