বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে ও এক আনন্দ র্যালির মাধ্যমে পরিবেশ সপ্তাহের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে এক সচেতনতামূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত ভূমিকা রাখার তাগিদ দেন। তারা বলেন, অবাধ্য প্লাস্টিক ব্যবহার বর্জন এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বান্ধব সমাজ গড়ে তুলতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ আর মামুন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সমর দাসসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষভাগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও স্মারক তুলে দেন অতিথিরা। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বাড়াতে উপস্থিত সবার মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
টিএইচএ/
