সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদত্যাগের মাধ্যমে ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি।
মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই মন্তব্য প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, “নাহিদ ইসলাম! আপনি বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র এক দফার ঘোষক হিসেবে নয়, বরং সরকারি গাড়ি, বাংলো, ভিআইপি প্রটোকল এবং ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে এসে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করেছেন। আপনি প্রমাণ করেছেন যে, জনগণের প্রয়োজন এবং দেশের বৃহত্তর স্বার্থে মন্ত্রিত্বও ছেড়ে দেওয়া যায়।”
পদত্যাগের পর নাহিদ ইসলাম তার ব্রিফিংয়ে জানান, তিনি মনে করেছেন সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি পদত্যাগ করেছি এবং সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট যখন গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের এই সিদ্ধান্ত যৌক্তিক মনে হয়েছিল। গত সাড়ে ছয় মাসে সরকার কাজ করেছে, তবে আশা অনুযায়ী ফলাফল এখনও পাওয়া যায়নি। কিন্তু আমি মনে করি, সরকারের ভিতরে স্থিতিশীলতা এসেছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “সরকারের বাইরে দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শক্তির উত্থানের জন্য রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার কাতারে থাকতে হবে।” তিনি যোগ করেন, “আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই পরিবর্তনের জন্য এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র-জনতার শক্তিকে একত্রিত করার জন্য আমার রাজপথে থাকা বেশি প্রয়োজন।”
তিনি বলেন, “আমাদের সহযোগী যোদ্ধারা আমার এই পদক্ষেপ সমর্থন করেছেন। এই কারণেই আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি।”
এনএ/
