নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আরও চারজন আহত হন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দীয়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। এতে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে পূর্বধলা থেকে একটি পিকআপ ভ্যান নেত্রকোনার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রাহঃ) এর মাজারে কিছু ভক্ত আশেকান নিয়ে দিকে যাচ্ছিল। অন্যদিকে নেত্রকোনা থেকে সারবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাওয়ার সময় নারান্দীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও তিন পুরুষ নিহত হয়।
এরপর দীর্ঘ দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন—মোট চারজন মারা গেছেন। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
