পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ১০৭

by hsnalmahmud@gmail.com

পাকিস্তান জুড়ে গত ২৬ জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে বলে রোববার (২৬ আইএ) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

এনডিএমএ-এর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম সামাটিভি জানায়, একই সময়ে বর্ষা-সংক্রান্ত নানা দুর্ঘটনায় ৩৪৪ জন আহত হয়েছেন। সর্বমোট ৪৪৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৬৯টি গবাদিপশু মারা গেছে।

বিজ্ঞাপন
banner

গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবে সাতজন, সিন্ধুতে দুজন এবং খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তানে একজন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫ জন আহত হয়েছেন, যার মধ্যে পাঞ্জাবে ২০ জন, খাইবার পাখতুনখোয়ায় তিনজন এবং সিন্ধুতে দুজন রয়েছেন।

চলতি বর্ষা মৌসুমে পাকিস্তান জুড়ে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এনডিএমএ বর্ষা মৌসুমে জনগণকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পিএমডি পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা এবং নিচু এলাকায় নগর বন্যার (অর্বান ফ্লাডিং) বিষয়ে সতর্ক করেছে। এতে আরও বলা হয়েছে যে, প্রবল বাতাস, বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভঙ্গুর অবকাঠামোর ক্ষয়ক্ষতি হতে পারে।

আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং গিলগিট-বালতিস্তানে (জিবি) বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে এজেকের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইসলামাবাদ এবং এর আশপাশের এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি প্রবল বাতাস ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উচ্চ ও মধ্য পাঞ্জাব, উচ্চ খাইবার পাখতুনখোয়া এবং বেলোচিস্তানের বিচ্ছিন্ন কিছু স্থানেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব সিন্ধু, কাশ্মীর এবং উত্তর-পূর্ব ও মধ্য পাঞ্জাবের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।

মুরি, গাল্লিয়াত, রাওয়ালপিন্ডি, অ্যাটক, লাহোর, গুজরানওয়ালা, শিয়ালকোট, মুলতান, ডেরা গাজী খান এবং রহিম ইয়ার খানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। করাচীর আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222