শারীরিক অসুস্থতার কারণে আপাতত বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা নেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের। বর্তমানে পায়ে অবশভাব থাকায় হাঁটাচলায়ও সমস্যার কথা জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।’
সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন হলে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিচ্ছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার দরকার হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে।
বঙ্গভবন ছাড়ার পর গুলশানের বাসায় ওঠার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।
বিদেশে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, এ সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। বিশেষজ্ঞরা প্রয়োজন মনে করলে ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইসি দুই প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছেন। আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
