সবাইকে সঙ্গে নিয়ে আফগানিস্তান পুনর্গঠনের নতুন ডাক

by hsnalmahmud@gmail.com

বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করার পাশাপাশি দেশের ভেতর ও বাইরে থাকা রাজনৈতিক বিরোধীদের জাতীয় পুনর্গঠনে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার। কাবুলের ঐতিহাসিক লয়া জিরগা হলে ইসলামী আমিরাতের শাসনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে এ বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রীবর্গ এবং আফগানিস্তানে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, কোনো যুদ্ধ, সংঘাত বা রাজনৈতিক চাপের মাধ্যমে সমাধান সম্ভব নয়; বরং আলোচনার মাধ্যমেই আফগানিস্তানের সব সমস্যার স্থায়ী পথ খোঁজা হবে।

বিজ্ঞাপন
banner

পরস্পরকে শ্রদ্ধার ভিত্তিতে সুসম্পর্কের প্রত্যাশা

ইসলামী আমিরাতের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সরকারপ্রধানের একটি বিশেষ বার্তা পাঠ করে শোনান। সেখানে বলা হয়, আফগানিস্তান বিশ্বের যেকোনো রাষ্ট্রের সঙ্গে শান্তি, সম্প্রীতি ও গঠনমূলক নীতির ভিত্তিতে সহাবস্থান করতে চায়। তিনি স্পষ্ট বার্তা দেন যে আফগান ভূখণ্ডকে কোনো অবস্থাতেই অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। একইভাবে অন্য দেশগুলোকেও আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে সম্মান প্রদর্শনের জোর দাবি জানানো হয়।

প্রশাসনিক উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি তাঁর বক্তব্যে বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, “আমরা এমন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক চাই, যা অন্যের অভ্যন্তরীণ বিষয়ে অনহস্তক্ষেপ, পারস্পরিক শ্রদ্ধা ও অর্থনৈতিক সুবিধার ভিত্তিতে গড়ে উঠবে এবং উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করবে।”

চাপ ও নিষেধাজ্ঞার নীতি অকার্যকর

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী পশ্চিমা ও অন্যান্য দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল তুলে ধরে তা পর্যালোচনার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিগত বছরগুলোতে আফগানিস্তানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বা নেতিবাচক কৌশল দিয়ে কোনো ফলাফল আসেনি। তাই একটি বাস্তবমুখী ও গঠনমূলক সংলাপের মাধ্যমেই কেবল আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন মেটানো সম্ভব।

বিরোধীদের প্রতি নমনীয় আহ্বান

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সরকারের পক্ষ থেকে বিরোধীদের উদ্দেশ্যে দেওয়া ঐক্যের বার্তা। সীমান্ত, জাতি ও উপজাতি বিষয়ক মন্ত্রী নুরুল্লাহ নুরী দেশ ছেড়ে যাওয়া ও বর্তমান সরকারের মুখোমুখি অবস্থানে থাকা রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্য করে বলেন:

“যদি আপনারা সত্যিই সৎ হন এবং বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত না থাকেন, তবে মনে রাখবেন—আফগানিস্তান আমার যেমন, আপনাদেরও তেমনি ঘর। দীর্ঘদিনের যুদ্ধ আর অনিশ্চয়তায় আফগান জনগণ ক্লান্ত ও বিপর্যস্ত। আসুন, আমরা পুরোনো বিরোধ ভুলে ভাইদের মতো একসাথে বসি এবং দেশ পুনর্গঠনে হাত লাগাই।”

উল্লেখ্য, পাঁচ বছর আগে ২৪ জমারাই কাবুলের পতনের মধ্য দিয়ে তৎকালীন আফগান প্রজাতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতিবছর কাবুলের প্রশাসনিক কেন্দ্রসমূহ এবং আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সূত্র: টোলো নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222