আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তান ও সিরিয়ার চরম সংকটাক্রান্ত জনগণের জীবন রক্ষাকারী সহায়তায় মোট ৫০ লাখ (৫ মিলিয়ন) মার্কিন ডলার মানবিক অনুদান দিয়েছে কুয়েত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) সাথে এ সংক্রান্ত পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটির অর্থায়নকারী প্রতিষ্ঠান ‘কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট’ (কেএফএইডি)।
চুক্তি অনুযায়ী, আফগানিস্তান মানবিক তহবিলে ২৫ লাখ ডলার এবং সিরিয়া মানবিক তহবিলে আরও ২৫ লাখ ডলার প্রদান করা হবে।
সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এই অনুদানের অর্থ প্রধানত দুই দেশের ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর গুরুতর মানবিক চাহিদা মেটাতে এবং জরুরি জীবন রক্ষাকারী নানা প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। এতে করে ওসিএইচএ-পরিচালিত সংস্থাগুলো যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নমনীয়ভাবে সাড়া দিতে পারবে এবং মাঠপর্যায়ে বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রমে গতি আসবে।
কেএফএইডি-এর পক্ষ থেকে বলা হয়, বিশ্বজুড়ে চলমান মানবিক সংকটগুলোতে পাশে থাকার অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘের ওসিএইচএ-এর সাথে যৌথ প্রকল্পগুলোতে কুয়েতের মোট আর্থিক সহযোগিতার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৬১ লাখ (১৬.১ মিলিয়ন) মার্কিন ডলারে।
সংস্থাটির ভারপ্রাপ্ত মহাপরিচালক রশিদ আল-বদের এবং সৌদি আরবে নিযুক্ত ওসিএইচএ-এর প্রতিনিধি মোহাম্মদ জাইদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।
