প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রায়পুরায় শিগগিরই উন্নয়ন কাজের উদ্বোধন হবে: আশরাফ উদ্দিন বকুল এমপি

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নরসিংদীর রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই শুভ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন এলাকায় বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

রায়পুরায় আয়োজিত এই সভায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেয়নি, বরং পরবর্তীতেও বারবার পালিয়ে গেছে এবং সর্বশেষ ২০২৪ সালেও তারা একইভাবে পালিয়ে গেছে। তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, মারামারি, বাড়িঘর দখল ও নারী নির্যাতনসহ সকল অসামাজিক কর্মকাণ্ড নির্মূল করতে হবে। রায়পুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উন্নয়নকাজের উদ্বোধনের জোর দাবি জানিয়ে তিনি বলেন, রায়পুরা ও চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মেঘনা নদীতে সেতু নির্মাণ, বেড়িবাঁধ, পর্যটন কেন্দ্র স্থাপন এবং রেললাইনের পাশ দিয়ে রায়পুরা শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত সড়ক নির্মাণসহ খাল খননের কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। আগামী দিনে জবাবদিহিমূলক ও সঠিক উন্নয়ন নিশ্চিত করতে পারলে আগামী পাঁচ বছর ভোট চাইতে হবে না, জনগণই ভোট দেওয়ার জন্য বিএনপিকে খুঁজবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের অর্থনীতি প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। অথচ বিগত ১৭ বছর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভুল ও বিকৃত ইতিহাস শেখানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে বিগত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তোলে, যা জিয়াউর রহমান তার শাসনামলে পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেছিলেন। আজ আমরা যে ফুড সিকিউরিটির কথা বলি, তার ভিত্তি গড়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। প্রায় ৫০ বছর আগে তিনি প্রতিটি ইউনিয়নে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাভিত্তিক এবং দেশপ্রেমের রাজনীতি। একই সাথে মাদকবিরোধী কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, রায়পুরায় কোনোভাবেই মাদকের বেচাকেনা চলবে না। প্রতিটি এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতাভুক্ত করছে।

আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিরাজগঞ্জ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট ও উপজেলা বিএনপির সদস্য জান্নাতুল হক শাপলা, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জহিরুল ইসলাম আপেল, নাজমুল হক ভূঁইয়া মোহন, আব্দুল বাতেন, কাজী আসাদুল হক মিলন, ফখরুল আলম, ফরিদ উদ্দিন, শাখায়াত সরকার, নূর আহমেদ চৌধুরী মানিক এবং আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222