ক্রীড়া ডেস্ক :: ফিফা ফুটবল বিশ্বকাপের আসর থেকে ব্রাজিলের চলে যাওয়ায় বিপর্যস্ত দলটির সমর্থক শিবির। এই দুঃখ ঘন করেছে নেইমার জুনিয়রের শুন্য হাতে বিদায়। সমর্থকদের শোক যেন আবর্তিত হচ্ছে বিশ্বখ্যাত এই তারকাকে ঘিরে। দেশের বিনোদন অঙ্গনেও একই চিত্র।
অভিনেতা রওনক হাসান নেইমারের বেদনার্ত একটি ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুকে। পরাজয় পরবর্তী ধারণ করা নেইমারের সে অবয়ব যেন শোকের কবিতা ভিন্ন অন্য কিছু না। নেইমারকে ফুটবলের দুখী রাজপুত্র সম্বোধন করে অভিনেতা লিখেছেন, ‘ফুটবলের দুঃখী রাজপুত্র! বিশ্বকাপে ম্যাচের শেষ মিনিটে গোল দিয়ে শেষ হলো বিশ্বকাপ যাত্রা! মুকুটহীন রাজপুত্র তোমাকে ভালোবাসি!’
জার্সিতে মুখ লুকানো নেইমারের ছবি দিয়ে ব্রাজিল সমর্থক অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’
নেইমারকে মনে রাখবেন অভিনেত্রী পারসা ইভানা। পরাজয়েও প্রিয় খেলোয়াড়ের পাশে থেকে তিনি লেখেন, ‘ব্যথা ও মারাত্মক ইনজুরি নিয়েও এগিয়ে গেছ, শান্তভাবে পেনাল্টি জালে জড়িয়েছ। তোমার জাদু আমরা চিরকাল মনে রাখব।’
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও প্রিয় দলের বিদায়ে লিখেছেন শোকের সাতকাহন। ব্রালিজের লোগো সম্বলি কালো জার্সিতে নিজেকে মুড়িয়েছেন অভিনেত্রী। কান্না লুকিয়ে হাসতে দেখা গেছে তাকে। তিনি লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সাথেই থাকব।’
মেটলাইফ স্টেডিয়ামে গতরাতে নরওয়ের বিপক্ষে নেমেছিল ব্রাজিল ফুটবল দল। কিন্তু সুবিধা করতে পারেনি। ২-১ ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এরপরই যেন বাঁধ ভাঙে সমর্থকদের শোক।
