দ্য হান্ড্রেডে পুরো মৌসুমে বার্মিংহামে খেলবেন ‘মোস্তাফিজ’

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ১০ বছর আগেই অভিষেক হয়েছে মোস্তাফিজুর রহমানের। ২০১৬ সালে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’–এ অভিষেক হতে যাচ্ছে মোস্তাফিজের।

১০০ বলের এই টুর্নামেন্টের পুরো মৌসুম খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা ওকে ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছি।’ ফলে ২১ জুলাই শুরু হতে চলা দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে মোস্তাফিজের খেলতে আর কোনো বাধা নেই।

বিজ্ঞাপন
banner

দ্য হান্ড্রেডের এবারের ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মোস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে তিনিই হতে যাচ্ছেন এই টুর্নামেন্টে সুযোগ পাওয়া ও খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে আছেন মোস্তাফিজ। ১৯ জুলাই বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে জিম্বাবুয়ে থেকেই সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন ‘কাটার মাস্টার’। বিসিবির ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলতে ছাড়পত্র দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি লাহোর কালান্দার্সের হয়ে জিএসএলে মাঠ মাতাবেন।

এদিকে আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট স্পিটফায়ার্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে ২ ম্যাচে ১২ উইকেট নিয়ে দারুণ নজর কেড়েছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। মোস্তাফিজ, হাসান ও ইমনের একসঙ্গে বিভিন্ন বিদেশি লিগে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পাইপলাইনের জন্য বড় ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222