দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে সব উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।
দিনের খেলা শেষে নিজের সেঞ্চুরি ও দলের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিরাজ বলেন, প্রথম দিকে কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি শুধু বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছেন এবং স্বাগতিক বোলাররাও খুব ভালো জায়গায় বোলিং করেছেন। মিরাজ আরও যোগ করেন, ক্যারিয়ারে এই প্রথম অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলছেন বিধায় তার জন্য মানিয়ে নেওয়া কিছুটা কঠিন ছিল। উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং বড় জুটি গড়ার লক্ষ্যেই তিনি প্রথম দিকে বেশি বল খেলেছেন। শুরুতে ব্যক্তিগত রান নিয়ে চিন্তা না করে উইকেটে টিকে থাকার চেষ্টা করেছেন এবং পরে সুযোগ বুঝে রান তুলেছেন। এই মানসিকতাই তাকে সফল হতে সাহায্য করেছে বলে জানান তিনি।
আসন্ন টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে উল্লেখ করে বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার বলেন, অবশ্যই যেহেতু সামনে কঠিন টেস্ট সিরিজ রয়েছে, এই শতক তাকে বড় ধরনের কনফিডেন্স দেবে। এই ইতিবাচক মাইন্ডসেট যদি পুরো সিরিজে ধরে রাখতে পারেন, তবে তা ব্যক্তিগতভাবে নিজের এবং দল উভয়ের জন্যই অত্যন্ত সুফল বয়ে আনবে।
টিএইচএ/
