দুই দশকের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় মুশফিকের স্বপ্নপূরণ

by Abid vs36

আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের হয়ে শতাধিক টেস্ট খেলার রেকর্ড এবং অসংখ্য ঐতিহাসিক অর্জনের অংশীদার হলেও দীর্ঘ ক্যারিয়ারে তার একটি আক্ষেপ অপূর্ণই থেকে গিয়েছিল। সেটি হলো কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ না খেলা। তবে ২০০৩ সালের পর দীর্ঘ বিরতিতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর এবং আসন্ন টেস্ট সিরিজের মাধ্যমে অবসান হতে যাচ্ছে সেই দীর্ঘ অপেক্ষার।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৩ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের ভেন্যুতেই ইতোমধ্যে ঘাম ঝরিয়েছেন টাইগাররা। দলের সঙ্গে প্রথম অনুশীলনেই নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক। ২০০৩ সালের পর যখন বাংলাদেশ দল সর্বশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল, তখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি মুশফিকের। এরপর ২১ বছরের বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে থাকলেও ক্যাঙ্গারুর দেশে টেস্ট খেলার সুযোগ মেলেনি। প্রায় ৩৯ বছর বয়সে এসে অবশেষে সেই অপূর্ণতা ঘোচাতে চলেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।

বিজ্ঞাপন
banner

ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বাক্তিগত পর্যায়ে দীর্ঘ ও কঠোর প্রস্তুতি নিয়েছেন মুশফিক। অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে দেশটিতে থাকা পরিচিতজনদের সঙ্গেও পরামর্শ করেছেন তিনি। পেসারদের গতি মোকাবিলা করতে সাধারণ সময়ের তুলনায় কিছুটা হালকা ব্যাট সঙ্গে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার, যাতে উইকেটে স্কয়ার অব দ্য উইকেটে শট খেলার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়। বিশেষ করে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডদের গতিময় আক্রমণ সামলাতে ভেতরে ঢোকা বলগুলোর বিরুদ্ধে নিখুঁত প্রস্তুতি নিয়েছেন তিনি। ক্যারিয়ারে সম্ভবত অস্ট্রেলিয়ায় এটিই তার শেষ সফর হওয়ায় প্রস্তুতির কোনো কমতি রাখছেন না তিনি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশারও মুশফিকের এই প্রাপ্তিকে তার দীর্ঘ পরিশ্রমের উপযুক্ত পুরস্কার হিসেবে দেখছেন। তিনি মনে করেন, ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ায় এটি মুশফিকের শেষ টেস্ট সিরিজ হওয়ায় তিনি নিজের সেরাটা দিয়ে বিশেষ কিছু করার চেষ্টা করবেন। ১৭ বছর আগে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুশফিক। সেই জয়ের সুবাদে অস্ট্রেলিয়ায় দ্রুতই সিরিজ খেলার সুযোগ আসবে বলে ধারণা করা হলেও কাঙ্ক্ষিত সেই সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় এক দশক। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর মতো তারকারা আন্তর্জাতিক আঙিয়ানা থেকে বিদায় নিলেও কঠোর পরিশ্রম আর নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের ফিটনেস ধরে রেখে এখনো ক্রিকেট মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের সিরিজটি মুশফিকের কাছে কেবলই আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ নয়। দুই দশকের বেশি সময় ধরে মনে লালন করা একটি স্বপ্ন পূরণের বাস্তব রূপ। ক্যারিয়ারের সায়াহ্নে এসে পাওয়া এই সুযোগটিকে স্মরণীয় করে রাখাই এখন অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রধান লক্ষ্য।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222