অপেক্ষার প্রহর শেষ, এমবাপেদের কোচ জিদান

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলেন ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান। এর মধ্য দিয়ে দিদিয়ে দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলে শুরু হলো জিদানের নতুন অধ্যায়।

প্যারিসে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

বিজ্ঞাপন
banner

২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর থেকে কোনো দলের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী জিদান। এবার তিনি ফিরছেন নিজের দেশের হয়ে। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর বিরল কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে। যা আধুনিক ফুটবলে আর কেউ করতে পারেননি।

দিদিয়ে দেশম ২০১২ সাল থেকে প্রায় এক যুগেরও বেশি সময় ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তিনি দায়িত্ব ছেড়ে দেন। তাঁর অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল, ২০২২ সালে ফাইনালে উঠেছিল এবং ২০১৬ ইউরোতেও ফাইনাল খেলেছিল।

জিদান এখন সেই জায়গায় বসছেন। তিনি নিজেও খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন করা, ২০০০ সালে ইউরো জয় এবং সেই বছরই ব্যালন ডি’অর জেতা। এসব অর্জন ফরাসি ফুটবলের সোনালি ইতিহাসে লেখা আছে। দেশের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই মাস্টারমাইন্ডের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের প্যানেনকা গোল এবং মাতেরাজ্জিকে মাথা দিয়ে মারার ঘটনা এখনও ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে আছে।

জিদানের অধীনে ফ্রান্সের প্রথম চ্যালেঞ্জ আসছে খুব শিগগিরই। চলতি বছরের সেপ্টেম্বরে নেশন্স লিগে তাঁর দল মাঠে নামবে। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু, তার তিন দিন পর বেলজিয়ামের বিপক্ষে লড়াই। এরপর ২ অক্টোবর ঘরের মাঠ স্টাদে দে ফ্রান্সে ইতালির মোকাবিলা করবে জিদানের শিষ্যরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222