‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’: মিরাজ

by Fatih Work

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে প্রথমবারের মতো স্পষ্ট মন্তব্য করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, ভারতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল রাজনৈতিক পরিস্থিতি। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলছেন এই অলরাউন্ডার। সেখানেই ভারতীয় ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ, ভারত সিরিজ, বিসিবির নতুন নেতৃত্ব এবং দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মিরাজ বলেন, তিনি মনে করেন এটি একটি রাজনৈতিক বিষয় ছিল এবং এর বাইরে এ নিয়ে তার বিশেষ কিছু বলার নেই। তবে টুর্নামেন্টটিতে খেলতে না পারার হতাশার কথা গোপন করেননি তিনি। তিনি জানান, প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার এবং দলের অনেক তরুণ ক্রিকেটারেরও সেই সুযোগ পাওয়ার আশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

ভারত সফর ও ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিরাজ বলেন, অনেক দিন পর ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে পুরো দল রোমাঞ্চিত। ভারত অত্যন্ত শক্তিশালী দল হলেও নিজেদের চেনা মাঠে সেরা ক্রিকেট খেলতে তারা মুখিয়ে আছেন। ভারতে গিয়ে খেলার ব্যক্তিগত আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রতিটি ক্রিকেটারই ভারতে গিয়ে খেলতে আগ্রহী থাকে।

সাক্ষাৎকারে ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় ওয়ানডে জয়ের মুহূর্তটিও উঠে আসে। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতানোর স্মৃতি মনে করে মিরাজ বলেন, ওই মুহূর্তটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ও বিশেষ একটি অর্জন। কেবল ইতিবাচক থেকে এক এক বল করে এগিয়ে যাওয়ার মানসিকতাই শেষ পর্যন্ত স্মরণীয় জয় এনে দিয়েছিল।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানান জাতীয় দলের এই অধিনায়ক। তিনি বলেন, তামিম ইকবাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে আসছেন। বিসিবিকে নেতৃত্ব দেওয়া তার জন্য দারুণ একটি সুযোগ এবং তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করেন মিরাজ।

এছাড়া এলপিএলে গল গ্যালান্টসের হয়ে নিজের প্রথম অভিজ্ঞতায় মিরাজ সন্তুষ্টি প্রকাশ করেন। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকার নেতৃত্বে খেলার প্রশংসা করার পাশাপাশি মিরাজ জানান, আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার সফর করলেও এই ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন অভিজ্ঞতা তিনি বেশ উপভোগ করছেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে দলের পারফরম্যান্স এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের ইতিবাচক দিক তুলে ধরে তিনি জানান, বড় টুর্নামেন্টে সাফল্য পেতে প্রতিনিয়ত উন্নতি করা ও বিভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222