৩৬নিউজ ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে দুটি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই পক্ষের সশস্ত্র কর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা এই বন্দুকযুদ্ধের ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বা তারা কোন সংগঠনের সদস্য তা শনাক্ত করা সম্ভব হয়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুরে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে পাহাড়ে আধিপত্য বিস্তারের এই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং প্রাণহানির বিষয়ে ইউপিডিএফ বা জেএসএস—কোনো পক্ষেরই আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে পুরো পানছড়ি ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
টিএইচএ/
