আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের তালেবান সরকারের প্রশাসনিক উপ-প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফি পারওয়ান প্রদেশের ঐতিহাসিক বাগরাম কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বন্দিদের জীবনযাত্রার মান পর্যালোচনা এবং তাদের শরিয়াহসম্মত সব অধিকার পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আফগান প্রেসিডেন্টের কার্যালয়ের (আর্গ) প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, প্রশাসনিক কাঠামো ও বেতন কমিশনের প্রতিনিধিদের একটি দল নিয়ে উপ-প্রধানমন্ত্রী এই পরিদর্শন পরিচালনা করেন। এ সময় প্রতিনিধিদলটি কারাগারের আবাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা, খাদ্য বণ্টন প্রক্রিয়া এবং বন্দিদের বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়া প্রত্যক্ষ ও বিস্তারিত পর্যালোচনা করে।
পরিদর্শনকালে মাওলভী আবদুস সালাম হানাফি সরাসরি কয়েকজন বন্দির সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ, দাবি ও সমস্যার কথা শোনেন। বন্দিদের বক্তব্য শোনার পর তিনি কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ইসলামি শরিয়তের বিধান মেনে বন্দিদের সব সুযোগ-সুবিধা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি বন্দিদের জন্য স্বাস্থ্যসেবা জোরদার করা এবং জীবনযাত্রার মান উন্নতির তাগিদ দেন তিনি।
বাগরাম কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে আশ্বস্ত করে জানান, বিদ্যমান সমস্যাগুলো সমাধানে এবং বন্দিদের সর্বোচ্চ সুবিধা প্রদান নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, পারওয়ান প্রদেশে অবস্থিত এই বাগরাম কারাগারটি পূর্বে আফগানিস্তানে মার্কিন ও নেটো বাহিনীর সবচেয়ে বড় আটক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আফগানিস্তানের বর্তমান প্রশাসন প্রতিনিয়ত বন্দিশালাগুলোর ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণে এ ধরনের নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
