বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করল আল-আজহার বিশ্ববিদ্যালয়

by Abid vs36

বিশ্বের অন্যতম শীর্ষ প্রাচীন ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষাবৃত্তির সংখ্যা দ্বিগুণ করেছে। পূর্বে বরাদ্দকৃত ১২টি বৃত্তির সংখ্যা বাড়িয়ে ২৪-এ উন্নীত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে চলতি বছর থেকে দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

শুক্রবার (১১ জুলাই) কায়রোর বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

দূতাবাস সূত্রে জানা যায়, কায়রোর বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদির সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও একাডেমিক সহযোগিতা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই ড. নাহলা সাইদি জানান, মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহারের গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যেব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির কোটা ১২টি থেকে বাড়িয়ে ২৪টিতে উন্নীত করার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আলোচনাকালে হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, মেধা ও সুশৃঙ্খল আচরণের বিষয়টি তুলে ধরেন। রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষে তিনি গ্র্যান্ড ইমাম ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222