ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ২০২৮ সালের সিংহস্থ মহাকুম্ভ উপলক্ষে সড়ক সম্প্রসারণের জন্য প্রায় ১০০ বছরের পুরোনো শাহি মসজিদের একটি অংশ অপসারণের পথ পরিষ্কার হয়েছে। মসজিদ কর্তৃপক্ষের করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ।
আদালতের সিদ্ধান্তের ফলে গোয়াল মন্দির রোড সম্প্রসারণের জন্য মসজিদের ক্ষতিগ্রস্ত প্রায় ৩৯ দশমিক ৩৩ বর্গমিটার অংশ অপসারণ করতে পারবে উজ্জয়ন পৌর করপোরেশন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের সিংহস্থ মহাকুম্ভকে সামনে রেখে গোয়াল মন্দির রোড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বিপুলসংখ্যক তীর্থযাত্রীর আগমন, যানবাহন চলাচল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সড়কটি সম্প্রসারণ জরুরি।
আদালতও রায়ে সিংহস্থের সময় কোটি কোটি মানুষের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়েছে। জনসাধারণের চলাচল ও নিরাপত্তার স্বার্থে সড়ক সম্প্রসারণের পরিকল্পনাকে বৃহত্তর জনস্বার্থের অংশ হিসেবে উল্লেখ করেছে হাইকোর্ট।
তবে মসজিদ কর্তৃপক্ষ আদালতের এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। তাদের দাবি, শাহি মসজিদটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা। মসজিদটি রক্ষায় তারা আইনি লড়াই চালিয়ে যাবে।
মসজিদ কমিটির আইনজীবী সৈয়দ আশহর আলী ওয়ারসি জানিয়েছেন, হাইকোর্টের লিখিত রায়ের বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিংবা ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হবে।
মসজিদের অংশ অপসারণের সিদ্ধান্তকে কেন্দ্র করে মুসলিম সমাজেও উদ্বেগ তৈরি হয়েছে। সড়ক সম্প্রসারণের নামে ঐতিহাসিক স্থাপনার অংশবিশেষ অপসারণের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
মসজিদ কমিটি জানিয়েছে, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় শাহি মসজিদ রক্ষার জন্য তারা সব ধরনের আইনি সুযোগ কাজে লাগাবে।
সূত্র: ইউএনএ নিউজ
