মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে অংশ নিয়ে তিনি সংঘাত এড়ানো ও শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলাপকালে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সংকট নিরসনে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এসব আলাপে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রয়াস আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ফোনালাপের সময় কাতারের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষকে সংঘাতের পথ পরিহার করে সংলাপ ও কূটনীতির প্রতি আস্থা রাখতে হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’-তে জাহাজের মুক্ত ও নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
কাতারি প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এসব সমঝোতা বাস্তবায়ন সম্ভব হলে অঞ্চলে ইতোমধ্যে অর্জিত রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্যগুলো সুরক্ষিত থাকবে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক সংলাপেও তিনি স্পষ্ট করেন যে, উত্তেজনা নিরসন করে একটি সার্বিক ও টেকসই রাজনৈতিক চুক্তিতে পৌঁছানোর যেকোনো উদ্যোগে কাতারের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।
টিএইচএ/
