গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, একজন মানুষ কতটা ‘নির্লজ্জ’ বা ‘বেহায়া’ হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে আবার দেশে ফেরার স্বপ্ন দেখাতে পারেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সোহেল তাজ এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন বলে শুনছেন। তবে নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দেশে ফেরার এমন বক্তব্যকে তিনি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন।
সোহেল তাজের ভাষ্য, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অর্থ পাচারের মতো অভিযোগ অস্বীকার করে জনগণ ও দলকে বিভ্রান্ত করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, আত্মসমালোচনা বা অনুশোচনার পরিবর্তে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরে আওয়ামী লীগকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং দেশের মানুষকে অন্ধকার ভবিষ্যতের দিকে নেওয়া হচ্ছে।
বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে সোহেল তাজ বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসকদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা অত্যন্ত বিরল। ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনার উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়; তার মতে, দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।
