ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলী রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে উভয় যানই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সেনাবাহিনীর একজন সার্জেন্টসহ মোট ৩ জন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। সংঘর্ষের ফলে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেলেও অন্যদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
টিএইচএ/
