মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)-এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরআহসান মৃদুল সভাপতি এবং দৈনিক আমাদের সময়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এই প্রথম সারির সাংবাদিক সংগঠনের নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টায় রুরুর কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন মেয়াদের এই কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান। এ সময় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ণ রাখার আহ্বান করা হয়।
কমিটি গঠনকালে অন্যান্যদের মধ্যে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু, সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ উপস্থিত ছিলেন। নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থসম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুনান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম/বাংলা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)।
এছাড়া নবগঠিত এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০০১ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) বিশ্ববিদ্যালয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে নিরলস কাজ করে আসছে।
টিএইচএ/
