দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স শরিয়াহভিত্তিক একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইসলামি ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার এবং সর্বস্তরের জনগোষ্ঠীর কাছে সহজে ঋণ পৌঁছানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’ নামে ব্যাংকটি চালু করতে চায়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর গুলশানের লিংক রোডে আকিজ হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
শেখ জসিম উদ্দিন বলেন, ‘ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেলে দেশের আর্থিক খাতে পরিবর্তন আনতে পারবো। গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক যারা বর্তমানে ঋণ সুবিধা থেকে বঞ্চিত, তাদের কাছে সহজে অর্থ পৌঁছে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আকিজ গ্রুপের ৮৫ বছরের সুনাম ও অভিজ্ঞতা রয়েছে। আমরা এমন কিছু করতে চাই না, যা সেই সুনাম ক্ষুণ্ন করে। শরিয়াহভিত্তিক নীতির মাধ্যমেই ডিজিটাল ব্যাংক পরিচালিত হবে, এটা আমাদের পারিবারিক ও ব্যবসায়িক নীতির অংশ।’
আকিজ রিসোর্স জানায়, প্রস্তাবিত মুনাফা ডিজিটাল ব্যাংকে অংশীদার হিসেবে যুক্ত হবেন অভিজ্ঞ বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান। ব্যাংকটির মাধ্যমে টাকা স্থানান্তরে কোনো খরচ দিতে হবে না। পাশাপাশি অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং আবাসন খাতে বিশেষ ঋণ সুবিধা দেওয়া হবে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে জানান কর্মকর্তারা।
এআইএল/
